অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ জানুয়ারি: কৃষকদের প্রায় ১ বছর আন্দোলনের পর কেন্দ্রের বিজেপি সরকার কৃষি আইন ২০২০ বাতিল করার কথা ঘোষণা করলেও এখনো চাষিদের সমস্ত দাবি পূরণে সদর্থক পদক্ষেপ করেনি। এই অভিযোগে সংযুক্ত কিষান মোর্চার ডাকে সোমবার গোপীবল্লভপুরে বিশ্বাস ঘাতকতা দিবস পালন করল এসইউসিআই–এর কৃষক সংগঠন এআইকেকেএমএস। এদিন গোপীবল্লভপুর বাজারে একটি মিছিল হয় এবং হাতিবাড়ি মোড়ে একটি পথসভা করা হয়।
পথসভায় বক্তব্য কৃষক নেতা ধর্মপাল বিশুই অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার ঘোষণা করেছিল কৃষকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। কিন্তু এখনো চাষির ফসলের সর্বাধিক বিক্রয় মূল্য প্রত্যাহার করা হয়নি। আন্দোলনকারী কৃষকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে গাড়ি চালিয়ে কৃষকদের হত্যাকারী মন্ত্রী পুত্রের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়নি। তাই সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে ৩১ জানুয়ারি দেশজুড়ে বিশ্বাসঘাতকতা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে।

