বালুরঘাট শহরেই ফেনসিডিল তৈরির রমরমা কারবার, বাজেয়াপ্ত একাধিক সরঞ্জাম, উদ্ধার দু’হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ২৭ নভেম্বর: খোদ বালুরঘাট শহরেই মিলল নিষিদ্ধ ফেনসিডিল তৈরির কারবারের হদিস। শনিবার সাত সকালে বালুরঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের বঙ্গি বিশ্বাস পাড়া এলাকায় একটি বাড়ি থেকে প্রায় ২ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার হয়েছে
ফেনসিডিল তৈরির একাধিক সরঞ্জাম। যে ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই চক্রের মূল পান্ডাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি বালুরঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম প্রশান্ত হালদার। শহরের খাদিমপুর বটতলা এলাকার বাসিন্দা সে।

জানাগেছে, এদিন সকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি সোমনাথ ঝাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাদা পোশাকে শহরের বিশ্বাসপাড়া এলাকায় হানা দেয়। তারপরেই শুরু হয় ধরপাকড়। যেখান থেকেই উদ্ধার হয় প্রায় দু’হাজার বোতল কাফ সিরাফ সহ তৈরির একাধিক সরঞ্জাম। যা থেকেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিষিদ্ধ কাফ সিরাপ তৈরির পর সেখানে মজুত রেখেই চলছিল দেদার কারবার। তবে একটি পাড়ার মধ্যে সাধারণ বাড়িতে থেকে কিভাবে এই ফেনসিডিল তৈরির কাজ চলছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। যেখান থেকেই ফেনসিডিলের বোতলসহ কাফ সিরাপ তৈরীর সরঞ্জাম এমনকি সিল করার সরঞ্জামও মিলেছে সেই ঘর থেকে। গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে শহরের মধ্যে দীর্ঘদিন ধরে এমন নিষিদ্ধ কাফ সিরাফ তৈরি ও তা বিক্রির দেদার কারবার চলছিল তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুধু তাই নয়, নিচুতলার কোনও পুলিশ কর্মী এর সঙ্গে যুক্ত কি না তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও বাড়ির মালিক অর্চনা সরকার জানিয়েছেন, ঘটনা জানার পর একাধিকবার নিষেধ করেছেন ওই ভাড়াটিয়াকে। কিন্তু কোনও কথাই তিনি শোনেননি।

জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, একজনকে গ্রেপ্তার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *