আমাদের ভারত, ২৭ নভেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরও কৃষক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেনি কৃষক নেতৃত্ব। বরং সংসদে বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তারা। একই সঙ্গে সোমবার সংসদ অভিযানের ডাক দিয়েছিলেন তারা। এদিকে সোমবারই সরকারের তরফে সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করার কথা জানানো হয়। আর তারপরই কিছুটা হলেও সুর নরম করলো কৃষক নেতারা, মিলল বরফ গলার ইঙ্গিত। পূর্বনির্ধারিত সংসদ ভবন অভিযান আপাতত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।
শনিবার সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, আগামী ২৯ নভেম্বর সংসদ ভবন অভিযানের যে ডাক দিয়েছিলেন তারা, সেটা প্রত্যাহার করছেন। ২৯ নভেম্বর ১হাজার কৃষক ৬০ ট্রাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাও করবেন বলে ঠিক ছিল। কিন্তু ওই দিনই সংসদে কৃষি আইন প্রত্যাহারের বিল আনা হবে বলে সরকার জানিয়েছে। সেই কারণেই ঐদিন আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
তবে সংসদ অভিযান প্রত্যাহার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কৃষক নেতৃত্ব। তাদের দাবি শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না। যতদিন না সরকার তাদের সঙ্গে ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি নিয়ে আলোচনা করছে, আন্দোলনকারী কৃষকদের মৃত্যু ও লখিমপুরের ঘটনা নিয়ে কথা বলছে ততদিন তাদের আন্দোলন চলবে।
আগামী ৪ ডিসেম্বর আন্দোলনের রূপরেখা তৈরি করতে আবারও বৈঠকে বসবে সংযুক্ত কিষান মোর্চা। তারপরই তাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

