আমাদের ভারত, ২৭ নভেম্বর: নাম বদলের ধারা আরও খানিকটা এগিয়ে নিয়ে গেল যোগী আদিত্যনাথের সরকার। আগ্রার মুঘল রোডের নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ সরকার নতুন নাম দিল মহারাজা অগ্রসেন রোড।
কেন এই সিদ্ধান্ত নেওয়া, তা জানাতে গিয়ে আগ্রার মেয়র নবীন জৈন বলেছেন, কমলা নগরের বাসিন্দাদের দাবি মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি জানান, কমলনগরের বাসিন্দাদের অধিকাংশই মহারাজা অগ্রসেনের অনুগামী। তাই তাদের দাবি ছিল মুঘল রোডের নতুন নাম মহারাজা অগ্রসেনের নামে হোক। কথিত আছে অগ্রসেন ছিলেন প্রাচীনকালের বণিক নগরী অগ্রহারের রাজা। ভগবান রামের ছেলে কুশের বংশের মানুষ ছিলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর কিছু দিন আগেঈ সুলতানগঞ্জ কি পুলিয়ার নাম বদলে হয়েছে বিকাল চক। প্রয়াত বিজেপি নেতা তথা আগ্রা পূর্বের পাঁচবারের বিধায়ক সত্যপ্রকাশ বিকালের নামে এই নাম রাখা হয়েছে। এছাড়াও রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ঘোষণা করেছেন আলিগড়ের রামঘাট মার্গের নাম এবার থেকে হবে রামঘাট কল্যান মার্গ হবে। রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল তথা প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-এর স্মরণে এই পদক্ষেপ করা হয়েছে। কল্যাণ সিংকে তিনি ভগবান রামের সাচ্চা ভক্ত বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, রাজ্য সরকার একাধিক জেলার গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ “বাবু জি” কল্যাণ সিংয়ের নামে করার সিদ্ধান্ত নিয়েছে।

