আমাদের ভারত, আরামবাগ, ২৭ নভেম্বর: আরামবাগে নির্মীয়মান মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। গতকাল গভীর রাতে আগুন লাগে ছয় তলার ছাদে। প্লাই দিয়ে চলছিল নির্মাণ কাজ। সেই প্লাইয়ে আগুন লেগে যায় বলে জানা গেছে।
আগুন প্রথমে নজরে আসে হাসপাতালের রোগীর আত্মীয়দের। তারাই নির্মাণ কর্মীদের ডাকে এবং পরে তারা আরামবাগ থানায় ও দমকল কর্মীদের খবর দেন। দমকল আসার আগে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসে দমকল। কিন্তু আগুন নেভানোর কোনও পরিকাঠামোর না থাকায় তারা নির্মাণ কর্মীদের জলের মেশিনকে কাজে লাগিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সফল হন। এই ঘটনাকে ঘিরে আরামবাগ হাসপাতাল চত্বরে শুরু হয় আতঙ্ক।
পাশাপাশি ঘটনাস্থলে যায় আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ ও আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। দমকল কর্মী ও পুলিশের প্রাথমিক অনুমান নির্মাণ কাজ চলাকালীন ওয়েলডিংয়ের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।

