মালাইকট সুতো দিয়ে তৈরী বিশেষ অলংকারে সজ্জিত কালী প্রতিমা তৈরি করে নজর কাড়লেন দাঁতনের মৃৎশিল্পী পবন দে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: মালাইকট নামে এক প্রকার সোনালী রঙের সুতো দিয়ে বিশেষ অলংকারে সাজিয়ে চমকপ্রদ কালী প্রতিমা তৈরি করলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক মৃৎশিল্পী। কালী প্রতিমার শরীরেও রয়েছে সোনালী রঙের ছোঁয়া। দাঁতন দু’নম্বর ব্লকের সাউরি একারুখি গ্রামের মৃৎশিল্পী পবন দে এই হলেন প্রতিমা শিল্পী। যিনি ইতিমধ্যেই গত দুর্গাপুজোতেও কাঁচের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছিলেন।

এবার কালীপুজোর আগে সোনালী রঙের মালাইকট নামে এক বিশেষ সুতো দিয়ে সুনিপুণ কারুকার্য মন্ডিত অলংকার ও সোনালী রঙের কালী প্রতিমা তৈরি করলেন তিনি। সচরাচর শ্যামা মা অর্থাৎ কালীমাতার গায়ের রং কালো কিংবা শ্যামলা বর্ণের হয়ে থাকে। তবে এবার গোল্ডেন কালী অর্থাৎ সোনালী রঙের অলংকারে সজ্জিত সোনালী রঙের কালী প্রতিমা তৈরি করে আবারও চমক সৃষ্টি করলেন তিনি। তারই সৃষ্টিতে বরাবরই সহযোগিতার হাত বাড়িয়ে আসছে তার একমাত্র পুত্র পবিত্র দে।

পবিত্র জানান, গত দুর্গাপুজোর পর থেকেই প্রস্তুতি শুরু হয়েছে এই কালি প্রতিমা তৈরি করার। এখন কাজ প্রায় সম্পূর্ণ। এখন দেখার এই গোল্ডেন কালী অর্থাৎ সোনালী রঙের কালী প্রতিমা মণ্ডপে কতটা নজর কাড়ে দর্শনার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *