পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: দীপাবলির উপহার হিসেবে চাকরির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ হাজার নতুন চাকরি দিলেন তিনি। ৭৫ হাজার নাগরিকের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। দেশের একাধিক রাজ্যের চাকরি প্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

দীপাবলির আগে শনিবার ‘রোজগার মেলার’ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করে বলেছেন, রোজগার মেলায় ১০ লক্ষ মানুষ চাকরি পাবেন। তিনি এই উদ্যোগকে নিয়োগ ও স্বনির্ভর ক্ষেত্রে গত ৮ বছরে একটি মাইলস্টোন বলে উল্লেখ করেছেন। শনিবারই দেশের বিভিন্ন শহরে ৭৫ হাজার যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তারই অঙ্গ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে প্রধানমন্ত্রীর ৭৫ হাজার কর্ম প্রার্থীদের নিয়োগ পত্র বিতরণের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। এই কেন্দ্র থেকে আজ ২২২ জন প্রার্থীর হাতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সংসদ দিলীপ ঘোষ, বিজেপি সভাপতি
সুকান্ত মজুমদার, খড়্গপুর শহরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ খড়্গপুর দক্ষিণ পূর্ব রেলের ডিআরএম এস হাশমি। মন্ত্রী এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসাবে বর্ণনা করেছেন।

