Patrasayar, President, TMC, নাবালিকা মৃ*ত্যু*র প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেফতার পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি

আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ১৩ জুলাই: এক নাবিলিকার মৃত্যুর প্রমাণ লোপাটের অভিযোগে বাঁকুড়ায় তৃণমূলের দাপুটে নেত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গত ৩০ মার্চ স্থানীয় এক নাবালিকার মৃত্যুর ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা এবং মৃতার পরিবারকে পাত্রসায়ের থানায় অভিযোগ জানাতে বাধা দেওয়ার বিষয়ে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠে পূরবী দেবীর বিরুদ্ধে।

উল্লেখ্য, পূরবী দেবী তৃণমূলের নেত্রী ও পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পাশাপাশি তার স্বামী সুব্রত দত্ত দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার কারণে তার দাপট ছিল তুঙ্গে। ভয়ে কেউ তার বিরুদ্ধ প্রতিবাদ জানাতে পারতেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৩০ মার্চ পাত্রসায়েরে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময় অভিযোগের আঙ্গুল ওঠে স্থানীয় স্টেশন পাড়ার বাসিন্দা রহিত মল্লিক ও তার মা রূম্পা মল্লিকের বিরুদ্ধে। মৃত নাবালিকার পরিবার পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ জানাতে চাইলেও তা প্রভাব খাটিয়ে করতে দেননি পূরবী দেবী বলে অভিযোগ ওঠে। এমনকি প্রমাণ লোপাটের জন্য অস্বাভাবিক মৃত্যু হলেও ময়নাতদন্ত করতে না দিয়ে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হয়।

রাজ্যে সরকার বদলের পর মৃতার পরিবার পাত্রসায়ের থানায় অভিযোগ জানালে পুলিশ রহিত মল্লিক ও রূম্পা মল্লিকে শনিবার গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে পূরবী দেবীর নাম উঠে আসতেই রবিবার রাতে পূরবী দেবীকে পাত্রসায়ের থানার পুলিশ গ্রেপ্তার করে।এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *