সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জুলাই: ঐতিহ্যবাহী রথ উৎসব সুচারুভাবে পালনের জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার। আজ বাঁকুড়া জেলার ৬টি রথযাত্রা কমিটির হাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রতীকীভাবে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলাশাসক ও জেলা আরক্ষাধ্যক্ষ।

নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী এই সমন্বয় বৈঠকের সূচনা করেন। জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রথ উৎসবের খ্যতি সর্বজনবিদিত। বাঁকুড়া শহরের শ্যামসুন্দর রথ ও ব্যাপারী হাটের রথ, দুটিই সুউচ্চ ও পিতলের তৈরী।দুটি রথই শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে।
বিষ্ণুপুরের মাধবগঞ্জ ও কৃষ্ণগঞ্জের রথ উৎসব ছাড়াও রাজদরবারের রথ উৎসবে বহু জনসমাগম ঘটে। এই রথ পরিচালন কমিটি সহ পাত্রসায়েরের বহু প্রাচীন রথ উৎসব কমিটির হাতে আজ সরকারের আর্থিক সহায়তা স্বরূপ পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা শাসক ও আরক্ষাধ্যক্ষ কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়।

প্রাচীন উৎসব গুলি মর্যাদার সাথে পালনের জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি উৎসব পরিচালন কমিটি থেকে সাধারণ নাগরিক। এদিন আর্থিক সহায়তা প্রাপ্ত কমিটিগুলির পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


