আমাদের ভারত, বীরভূম, ৫ নভেম্বর: প্রয়োজনীয় রক্ত আনতে গিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে ফিরে এসে দেখেন হাসপাতালের শয্যায় তার বাবা নেই। এরপরেই হাসপাতাল জুড়ে হুলস্থূল কান্ড বেঁধে যায়। খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং রামপুরহাট থানায়। তবে খবর লেখা পর্যন্ত রোগীর হদিশ মেলেনি। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ বিভাগে।
বুধবার মল্লারপুর থানার পাথাই গ্রামের যোগানন্দ চট্টোপাধ্যায় নামে ষাটোর্দ্ধ ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে। চিকিৎসকরা রোগীর শরীরে রুক্তের প্রয়োজনীয়তার কথা রোগীর পরিবারকে জানায়। সেই মতো বৃহস্পতিবার সকালে রোগীর মেয়ে রুমকি চক্রবর্তী একজন ডোনার নিয়ে ব্লাড ব্যাঙ্কে যান। সেখান থেকে ফিরে দেখেন বাবা নেই। তার চিৎকারে হাসপাতালের স্বাস্থ্য কর্মী থেকে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাবার হদিশ না পেয়ে রোগীর ভাই অপূর্ব কুমার চট্টোপাধ্যায় রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় নিরাপত্তারক্ষী এবং হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন।
অপূর্ববাবু বলেন, “রোগী হাসপাতালের বেডে ছিল। রক্তের অভাব ছিল। এমন একজন রোগী বেড থেকে পালিয়ে গেল অথচ কেউ দেখতে পেল না? তাহলে এতো বড় এক হাসপাতালে নিরাপত্তা কোথায়?’
হাসপাতালের এমএসভিপি মহম্মদ ইমদাদ হোসেন বলেন, “বাড়ির লোক সঙ্গে ছিলেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। তবে রোগীর মানসিক সমস্যা রয়েছে।”

