আশিস মণ্ডল, বীরভূম, ১৮ এপ্রিল: আহমদপুর -কাটোয়া রেল রুটে ট্রেন বৃদ্ধি ও হাওড়াগামী ট্রেনের দাবিতে লাভপুরে বিজেপি বিধায়ককে স্মারকলিপি জমা দিলেন আহমদপুর -কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, সংগঠনটির সদস্যদের পক্ষ থেকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রেল দপ্তরের কাছে। আবারও সেই দাবিকেই প্রাধান্য দিয়ে লাভপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবাশিষ ওঝার কাছে যাত্রী সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি।
সংগঠনের সদস্যদের দাবি, আহমদপুর থেকে লাভপুর, কাটোয়া হয়ে হাওড়া ও শিয়ালদা যাবার ট্রেন যাতে দেওয়া হয় সেই আবেদন জানানোর পাশাপাশি আহমদপুর স্টেশনেও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজেরও দাবি রাখা হয়েছে বিধায়কের কাছে।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময় লাভপুরে এসে বলেছিলেন লাভপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থীকে জয়লাভ করালে আহমদপুর -কাটোয়া রুটে ট্রেন দেওয়ার জন্য রেল দপ্তরের কাছে বিষয়টি উত্থাপন করা হবে।
আর তারপরেই শুভেন্দু অধিকারীর কথাতেই শীলমহোর দিয়ে লাভপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয়লাভ করার পর বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন দেবাশিষ ওঝা। তারপরেই তিনি বিধানসভা থেকে লাভপুরে আসতেই সকাল ও সন্ধ্যায় আহমদপুর থেকে হাওড়া এবং শিয়ালদহ যাওয়ার জন্য যাতে ট্রেন পাওয়া যায় সে জন্যই এই স্মারকলিপি দেওয়া হয় বিধায়কের কাছে।
যদিও এ বিষয়ে বিধায়ক দেবাশিষ ওঝা বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রেল দপ্তরের সঙ্গে আলোচনা করে বিষয়টি উত্থাপনের পর দ্রুত এই রুটে যাতে হাওড়াগামী ট্রেনের ব্যবস্থা হবে বলে তিনি আশাবাদী।

