Accident, Jhargram, ঝাড়গ্রামের কলাবনীতে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, জখম ২৬

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ নভেম্বর: ঝাড়গ্রামের কলাবনীতে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ২৬ জন। বুধবার সকাল ৮টা নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত কলাবনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন। বাকি ২৪ জনের আঘাত তুলনামূলকভাবে কম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝিলিমিলি থেকে দিঘার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সেই সময় একটি পণ্যবোঝাই লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত দুই চালক হলেন ভক্তরঞ্জন পাল (৩৭), বাড়ি বেলপাহাড়ির বাঁশপাহাড়ি এলাকার নেগুড়িয়ায় এবং লরির চালক মহম্মদ আসাম (৪০), বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। তাঁদের আঘাত গুরুতর হওয়ায় পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বাকি ২৪ জনের মধ্যে পুরুষ, মহিলা ও শিশুরাও রয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতি হলে ছেড়ে দেওয়া হবে।

এই দুর্ঘটনায় মোট ২৬ জন আহত হয়েছেন। তাদের সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *