কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:
ঘাটাল শহরের একাংশ এখন ফ্লোটিং সিটি, দেখলে মনে হতে পারে যেন ভেনিস। হ্যাঁ ঠিক তাই ছবিটা এরকমই।
শহরে নৌকো চলছে, যেন জলে ভাসমান শহর।
ঘাটাল পৌরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকাতে সারি সারি নৌকো ছোট ছোট ডিঙি নিয়ে জলছবি। ঘাটাল পৌরসভা এলাকার ৮ টি ওয়ার্ড জলমগ্ন এবং চারটি ওয়ার্ড আংশিক জলমগ্ন। এখন যাতায়াতের ভরসা বলতে নৌকা এবং ডিঙি। ঘাটালের বাসিন্দারা মাস্টারপ্ল্যানের আশা ছেড়েই দিয়েছেন, প্রতিবার ভোটের সময় ঝুলি থেকে বেড়াল বের করার মত সব দলের রাজনৈতিক নেতারা মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দেন, আর একে অপরের প্রতি দোষারোপ করেন। কাজের কাজ কিছু হয় না। তাই ঘাটালের বাসিন্দারা বলেন, বন্যা যেন ঘাটালের ঘর জামাই।
ঘাটালের মানুষ অগ্রাধিকারের ভিত্তিতে মাস্টার প্ল্যানের দাবি জানাচ্ছেন। এবারেও দিন কয়েকের বৃষ্টিতে ঘাটালের একাংশ জলমগ্ন। জলবন্দি মানুষজন জানালেন, তারা বন্যা সম্বন্ধে ওয়াকিবহাল, তাই আগে থেকে পানীয় জল সঞ্চয় করে রাখেন। রাস্তার ট্যাপ কলগুলি ডুবে গিয়েছে। যাদের বাড়িতে ট্যাপ কল আছে তাদের পানীয় জলের কোনও অসুবিধা নেই, কিন্তু যাদের নেই তারা আগে থেকে জল সঞ্চয় করে রেখেছেন। সঞ্চিত পানীয় জল ফুরিয়ে গেলে তারা নৌকা করে পানীয় জল আনবেন।
প্রশাসনের তরফে এখনও কেউ কোনো যোগাযোগ করেনি বলে জানালেন ওই এলাকার বাসিন্দারা। এখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। ঘাটাল শহরে আসার মাধ্যম হোক বা যেখানে যাওয়া হোক না কেন নৌকা চালিয়ে আসতে হচ্ছে।

