টিটাগড়ে আচমকা ভেঙ্গে পড়ল দোতলা বাড়ির একাংশ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জখম ১ মহিলা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ এপ্রিল: একটি দোতলা বাড়ির একটা অংশ আচমকাই আজ বিকেলে ভেঙ্গে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো টিটাগড় পৌর সভার সরদার পিকে বিশ্বাস রোড এলাকায়।
প্রাথমিক তদন্তে খড়দা থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসারদের অনুমান কোনো কারণে সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। বাড়ি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে ইতিমধ্যেই মিঠু সাউ নামে একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস মহাকুমা হাসপাতালে পাঠায়।

তবে এখনো কেউ আটকে থাকার আশঙ্কায় ওই ধ্বংস স্তূপে তল্লাশি চালাচ্ছে দমকল কর্মীরা। সেই সঙ্গে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১০ জনের প্রতিনিধি দল এসেছে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেখছেন ভেতরে কেউ আটকে আছে কি না। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এদিন বলেন, ঘটনায় ১ জন আহত হয়েছেন এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটার সম্ভবনা তৈরী হয়েছে। তবে এখনো সঠিক ভাবে বলা সম্ভব না। এই বাড়িতে ৪০ টা পরিবার থাকতো। এটা মূলত একটা ভাড়া বাড়ি ছিল। বাড়ির অবস্থা খুব ভালো ছিল না। তবে সবটা তদন্ত করে দেখবো আমরা। বাড়ির মালিক রাম দয়াল সিংকে খোঁজা হচ্ছে। আর এই বাড়িতে যারা থাকতেন তাদের মধ্যে কত জন ছিলেন, তারা ঘটনার সময় বাড়ি ছিলেন কি না সব তদন্ত করছি আমরা যাতে কেউ ধ্বংস স্তুপে আটকে থাকলে আমরা বুঝতে পারি। আমাদের খুঁজতে সুবিধা হবে।”

এদিন এই বাড়ি ভেঙ্গে পড়ার খবর পেয়ে আসেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান। তিনি বলেন, “আমরা দ্রুত ধ্বংস স্তূপ সরিয়ে জায়গা পরিষ্কারে করে দেব। সেই সঙ্গে যাদের বাড়ি পড়ে গেছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে পৌরসভা। আর এই বাড়িটি অনেক পুরনো হয়ে গেছিল। বিপদজনক বলে আগেও এই বাড়ির মালিক ও বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু এটাতে তারা গুরুত্ব দেয়নি। আগামী দিনে এই অঞ্চলের পুরনো বাড়ি থাকলে সেগুলি পৌরসভা থেকে খালি করার ব্যবস্থা করা হবে ।”

এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনা ঘটার পর। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *