অঙ্গনওয়াড়ি স্কুলে বেহাল পড়াশোনা ও নিম্নমানের খারার দেওয়ার অভিযোগ, গাইঘাটায় বিক্ষোভ অভিভাবকদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ আগস্ট: পড়াশোনার হাল ও মিড-ডে মিল নিয়ে অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার হাঁসপুর মোরল ডাঙা কলোনী অঙ্গনওয়াড়ি স্কুলে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের দাবি, এই কেন্দ্রের দিদিমণি ও সহায়িকা নির্ধারিত সময়ের বহু পরে আসেন। সপ্তাহে দুই এক দিন আসেন। দায়সারা ভাবে খিচুড়ি রান্না করে কয়েক জন শিশু ও গর্ভবতী মহিলাদের পৌঁছে দিয়ে বাড়ি চলে যান। আর পড়াশোনা হয় না বললেই চলে। এরই প্রতিবাদে এ দিন বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। কোনও অভিযোগই মানতে চাননি ওই কেন্দ্রের দিদিমণি।

অভিভাবকদের দাবি, স্কুল শিক্ষিকা ঠিকমতো স্কুলে আসেন না। স্কুলে আসলেও দুই এক ঘণ্টা থেকে স্কুল থেকে চলে যান। শিক্ষিকার অবর্তমানে বাচ্চাদের পড়ান রান্নার মহিলা। পাশাপাশি প্রচন্ড নিন্মমানের খাবার দেওয়ার অভিযোগ তুলছেন তারা। অভিবাবকদের দাবি, অনেক সময় খাবারের মধ্যে পচা, পোকাও পাওয়া গিয়েছে। স্থানীয়রা বলছেন শিক্ষিকা ঠিক মতো স্কুলে না আসায় পড়ুয়াদের স্কুলে পাঠাতেও ভয় হয়। তারা চাইছেন সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *