বাড়তি ভর্তি ফি নেওয়ায় উলুবেড়িয়ার জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে অভিভাবকদের বিক্ষোভ

আমাদের ভারত, হাওড়া, ২২ ডিসেম্বর: বিদ্যালয়ে বাড়তি ফি নিয়ে ছাত্রীদের ভর্তি করানোর অভিযোগে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। বুধবার দুপুরের এই ঘটনায় উত্তেজনা ছড়ালো উলুবেড়িয়ার জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয় চত্বরে। অবিলম্বে বাড়তি ফি ফেরত দেওয়ার দাবি জানায় অভিবাবকরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়তি ফি ফেরত দেওয়ার কথা ঘোষণা করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানাগেছে, জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে ৪২০ জন ছাত্রী পড়াশোনা করে। মঙ্গলবার থেকে বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়। সূত্রের খবর, সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি ২৪০ টাকা থাকলেও বিদ্যালয়ের উন্নয়ন দেখিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি ছাত্রীর কাছ থেকে ৩৫০ টাকা ভর্তি ফি হিসেবে নিচ্ছিল। মঙ্গলবার এই নিয়ে সেভাবে কোনও প্রতিবাদ না হলেও বুধবার দুপুরে এক অভিভাবক এই বাড়তি ফি দিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়তি ফি ছাড়াই ছাত্রীকে বিদ্যালয় ভর্তি নেয়। এদিকে বাড়তি ভর্তি ফি না নেওয়ার বিষয়টি ওই অভিভাবক অন্য অভিভাবকদের বলার পরে ক্ষোভে ফেটে পড়ে বাকি অভিভাবকরা। দলে দলে তারা হাজির হয় বিদ্যালয়ে। বাড়তি ফি ফেরত দেওয়ার দাবিতে সোচ্চার হোন তারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়তি ফি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন।

বাড়তি ফি নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমাপ্তি বসু। তিনি জানান, বিদ্যালয়ের দু’জন আংশিক শিক্ষিকা ও নাইটগার্ডের বেতনের জন্য এই বাড়তি ফি নেওয়া হচ্ছিল। যদিও অভিভাবকরা এতে সম্মত না হওয়ায় আমরা বাড়তি ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *