আত্মহত্যাকারী কৃষক পরিবারকে এককালীন ২০ লক্ষ ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে নারায়নগড়ে বিজেপির ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আত্মহত্যাকারী কৃষক পরিবারকে এককালীন ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ সহ কৃষকের হাল ফেরাতে বিভিন্ন দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার নারায়নগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল জেলা বিজেপি নেতৃত্ব।

জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, সমস্ত কৃষক বিশেষ করে আলু, ধান, ফুল, তামাক, সবজি, রেশম চাষিরা চরম ক্ষতিগ্রস্ত, কারণ সরকারি পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। ফসল কেনার সরকারি প্রক্রিয়া ফড়েবাজরা দখল করে নিয়েছে। তাদের আরও অভিযোগ, এই সরকার শুধুই ফড়েবাজারদের ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে। সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা, খারাপ আবহাওয়ার ফলে বিশেষ করে আলু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়াও রবিশস্য, পান, ফুল, সবজি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল সংরক্ষণের পর্যাপ্ত পরিকাঠামো এখনও রাজ্যে গড়ে ওঠেনি। এছাড়াও বিভিন্ন সরকারি উদাসীনতার কারণে এই রাজ্যের কৃষকরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিজেপির দাবিগুলি হল, অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হোক, সেই সঙ্গে আত্মহত্যাকারী কৃষক পরিবারকে এককালীন ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ ক্ষতিপূরণ প্যাকেজ, অবিলম্বে পেট্রোপণ্যে রাজ্য সরকারের সেস কম করা, বিদ্যুতের দাম কম করা, কৃষি ও সেচের কাজে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া, সরকারকে প্রকৃত কৃষকের কাছ থেকে ফসল সংগ্রহ করা, ফড়েবাজদের রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া, কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *