ইটাহারে ৮ টি তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, আমাদের ভারত, ২৭ মার্চ: ৮ টি তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সোমবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অন্তর্গত গুলন্দর ২ অঞ্চলের বৌসা গ্রামে। গ্রামীন সড়কের কাছে কলাবাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত ঘোষ (ভোলা) পেশায় চায়ের দোকানদার, তাঁর বাড়ির পেছনে কলার বাগানে বালতি ও ড্রামে ৮টি তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষ ভিড় করে। ইটাহার থানার পুলিশ বাড়ির মালিক চিরঞ্জিত ঘোষকে আটক করে ইটাহার থানায় নিয়ে যায়। তবে, এলাকার বাসিন্দাদের দাবি, চিরঞ্জিত ঘোষ ভালো ছেলে। তাকে ফাঁসানোর জন্য কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। একই অভিযোগ চিরঞ্জিত ঘোষের দিদিরও। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালদা থেকে বোম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার বলেন, ৮ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *