সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৩ নভেম্বর: গতকাল পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের অত্যাচার ও কর্মসূচিতে অংশগ্রহণ কারী ৬৯ জনকে গ্ৰেফতারের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। প্রতিবাদ দিবস উপলক্ষ্যে ইউনিয়নের বাকুঁড়া জেলা শাখার পক্ষ থেকে আজ মিছিল সহকারে জেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
ইউনিয়নের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, পঞ্চায়েতে ট্রেড ট্যাক্স আদায়ের অধিকার, মাসিক অনুদান ন্যূনতম দশ হাজার টাকা করার দাবি সহ কয়েকদফা দাবিতে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টররা আন্দোলন শুরু করেছেন। গতকাল কলকাতায় ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। সেই সময় মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। সংগঠনের রাজ্য সভাপতি সুনির্মল দাস সহ ৬৯ জনকে গ্ৰেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদে ইউনিয়নের পক্ষ থেকে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে।

