আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৩ মে: ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার হলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। তাকে শনিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ধৃত তৃণমূল নেতার নাম জটিল মণ্ডল। তার বাড়ি ষাটপলসা পঞ্চায়েতের বার গ্রামে। তিনি বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রয়েছেন। ২০২১ সালে নির্বাচন পরবর্তী হিংসায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকার পরিবর্তন হওয়ার পর ওই ঘটনা নিয়ে ফের অভিযোগ দায়ের করেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ সভাপতি অনঙ্গদেব মণ্ডল সহ আরও তিনজন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে জটিল মণ্ডলকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
যদিও জটিল মণ্ডল জানিয়েছেন, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে।
অনঙ্গদেব বলেন, “২০২১ সালে ভোটের পর জটিল মণ্ডল আমাদের ঘর ছাড়া করেছিল। আমি ছয় মাস গ্রাম ছাড়া ছিলাম। এছাড়াও দাদপুর গ্রামের শিশির মণ্ডলের হার্ডওয়্যার দোকানে ভাঙ্গচুর চালানো হয়েছিল। একই গ্রামের মিলন ভল্লার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। গোপীনাথপুর গ্রামের উৎপল মণ্ডলের দোকান লুটপাট করা হয়েছিল। দু’বছর তিনি দোকান খুলতে পারেননি। ১৫ বছর ধরে জটিল মণ্ডল এবং তার বাহিনী এলাকায় তাণ্ডব চালিয়েছিল। মানুষের বেঁচে থাকার অধিকার তারা কেড়ে নিয়েছিল। সেই সময় কেউ অভিযোগ করেছিল, কেউ কেউ অভিযোগ করার সাহস পায়নি। অভিযোগ হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই অত্যাচারের প্রতিবাদে আমরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছিলাম। সেই ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরা চাই আইন মোতাবেক তার ব্যবস্থা হোক।”

