পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: বিভিন্ন বিধানসভা এলাকায় দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করা ও তার দ্রুত সমাধানের লক্ষ্যে শুক্রবার বিশেষ বৈঠকে বসলেন রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। জেলার বিভিন্ন এলাকার পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এই বৈঠকের আয়োজন করা হয়।
উল্লেখযোগ্যভাবে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ ও কেশপুরের তৃণমূল বিধায়করা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রাস্তা, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও নানা বিষয় বৈঠকে উঠে আসে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন এলাকার মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সকল জনপ্রতিনিধিকে একসঙ্গে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে বৈঠকে।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “উন্নয়নমূলক কাজ নিয়ে রিভিউ মিটিং হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন। বিভিন্ন এলাকার মানুষের সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

