Sukanta, BJP, পশ্চিমবঙ্গে এবার থেকে ১০০% স্বচ্ছ নিয়োগ হবে, রোজগার মেলার মঞ্চ থেকে দাবি করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৩ মে: পূর্ব রেলের উদ্যোগে কলকাতা কেন্দ্রে রোজগার মেলা চলছে ডঃ বি সি রায় অডিটোরিয়ামে। অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৯তম রোজগার মেলার বিভিন্ন সরকারি চাকরির জন্য নির্বাচিত ৫০ হাজারেরও বেশি প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠান থেকে সুকান্ত মজুমদার দাবি করেছেন, এই সবকটি নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হয়েছে। আগামীতে পশ্চিমবঙ্গেও ১০০% স্বচ্ছ নিয়োগ হবে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১৯তম রোজগার মেলায় নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা বেআইনের অভিযোগ ওঠেনি। দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে যা এক নতুন নজির। সুকান্তবাবু বলেন, গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রায় এক হাজার কর্মসংস্থান হয়েছে। কল্যাণী এইমসে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, যেভাবে স্বচ্ছতার সঙ্গে কর্মসংস্থান হয়েছে তা অভূতপূর্ব।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের নতুন রূপকার এবং তরুণ মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যেও ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে এবং কোনো দুর্নীতির জায়গা থাকবে না। তিনি আরো বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে আগামী দিনে আরো বড় আকারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সবার আগে দেশ ও কাজ এই নীতিকে এখন সরকার পরিচালনার মূল মন্ত্র হিসেবে ধরা হচ্ছে বলেও জানান তিনি। সীমান্তে নিরাপত্তা বাহিনী এবং বিএসএফকে জমি দেওয়ার প্রসঙ্গে তুলে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল সরকারের আমলে জমি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ৬১টি রেল প্রকল্প আটকে ছিল। তবে এখন সেই সমস্যা কাটিয়ে প্রকল্পগুলির কাজ এগোবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *