Dilip Ghosh, BJP, কৃষি বিপণন দফতরে প্রথম দিনেই সক্রিয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মে: রাজ্যের কৃষি বিপণন দফতরের দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন থেকেই মাঠে নেমে কাজ শুরু করার বার্তা দিলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে আলু ও সবজির দামের ভারসাম্য বজায় রাখার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

সোমবার পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই দিলীপ ঘোষ সচিব ও কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তিনি এই তিন দপ্তরের কাজের রূপরেখা, সমস্যা, গ্রামীণ আবাসন প্রকল্প, তহবিল এবং জনবলের ঘাটতি নিয়ে প্রাথমিক আলোচনা করেন এবং পরদিনও বসার কথা জানান। মন্ত্রী জানান, চাষিরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান এবং কোনোভাবেই ক্ষতির মুখে না পড়েন, সেদিকে সরকার কড়া নজর রাখবে। বিশেষ করে আলুর বাজারদর ও সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

দিলীপ ঘোষ বলেন, “চাষিদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে।” তিনি আরও জানান, কৃষি বিপণন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে দ্রুত একাধিক পদক্ষেপ করা হবে। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও কৃষক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *