সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মে: রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন অশোক কীর্তনীয়া। খাদ্য দফতরে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ভালো মানের চাল, গম ও আটা সরবরাহ নিশ্চিত করতে হবে। খাদ্য মন্ত্রী অশোকবাবু বলেন, খাদ্য দফতরের মূল লক্ষ্য হবে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া। রেশন ব্যবস্থায় যাতে কোনো অনিয়ম না হয়, সেদিকে কড়া নজর রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজ্যে খাদ্য দফতরে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন খাদ্য মন্ত্রী।
খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়া এদিন স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের জন্য রেশনে ভালো মানের চাল, গম ও আটা পৌঁছে দিতে হবে। নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মিল মালিক ও রেশন ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, আমি খাদ্য দফতরে দায়িত্ব থাকা অফিসারদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেব “গরিব মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। মানুষের জন্য যে খাদ্য সামগ্রী সরকার দিচ্ছে, তা সঠিক মানের হওয়া বাধ্যতামূলক। কোনও মিল বা রেশন মালিক দুর্নীতি করলে বিজেপি সরকার কঠোর পদক্ষেপ করবে।” প্রায়োজনে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তিনি আরও বলেন, খাদ্য বণ্টন ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে নজরদারি আরও বাড়ানো হবে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অশোকবাবু বলেন, আমার কাছে খবর আছে বেশকিছু তৃণমূল নেতা অধিক রেশনের সুবিধা নেয়, তাদের বলবো এই সব দুর্নীতি বন্ধ করুণ। তদন্ত চালিয়ে ধরা পড়লে আগামী দিনে আপনাদের অবস্থা খুব খারাপ হবে।
মন্ত্রীর এই কড়া অবস্থানের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ মানুষের একাংশও খাদ্য ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

