সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মে: বনগাঁ পৌরসভায় গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করলেন বিজেপি বিধায়ক। মঙ্গলবার পৌরসভার চেয়ারম্যানের ঘরে গিয়ে তিনি পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন বিধায়ক দেবদাস মণ্ডল স্পষ্ট ভাষায় জানান, বনগাঁর সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাস্তা- ঘাটের কাজ দ্রুত শুরু করার জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি উন্নয়নের কাজে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেন বিধায়ক।
পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দেবদাসবাবু বলেন, “মানুষের উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। কাজ একসঙ্গে হবে, কিন্তু রাজনীতি আলাদা।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তিনি বলেন, আমি এই পৌরসভার কাউন্সিলরও বটে। তাই সাধারণ মানুষের পরিষেবা যাতে বন্ধ না হয় সেটা দেখতেই পৌরপ্রধান দিলীপ মজুমদারের সঙ্গে কথা বললাম। দিলীপবাবু বলেন, সরকারের দেখানো পথেই পৌরসভা চলবে।
স্থানীয় সূত্রে খবর, বনগাঁ শহরের একাধিক রাস্তা ও নাগরিক পরিষেবার কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সেই কারণেই সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পৌরসভায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপি বিধায়ক।

