আমাদের ভারত, ১১ মে: সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বৃদ্ধি করে দেওয়া হলো। রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক শেষে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, রাজ্যে বর্তমানে যে সমস্ত সামাজিক প্রকল্প চালু রয়েছে তা কোনটি বন্ধ হবে না। বরং যেসব কেন্দ্রীয় প্রকল্প চালু ছিল না, সেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হবে।
সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক ডাকেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ছিলেন মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া। মুখ্য সচিব এবং প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রীসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, তাঁর মন্ত্রীসভা চলবে সুশাসন এবং সুরক্ষার পথে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডাবল ইঞ্জিন সরকার যে পথে এগোচ্ছে পশ্চিমবাংলা সে পথে এগোবে বলে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সরকার ফর দ্যা পার্টি- বাই দ্যা পার্টি- অফ দ্য পার্টি’র ব্যবস্থা তুলে দিয়ে বাবা সাহেব আম্বেদকরের বাই দ্যা পিপল, অফ দ্যা পিপল, ফর দ্যা পিপল- এর ভিত্তিতে চলবে।
এবারের ভোটের প্রচার পর্বে অনুপ্রবেশ প্রসঙ্গে বারবার সরব হয়েছে বিজেপি। ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, সেই আশ্বাস দেওয়া হয়েছিল বিজেপি নেতৃত্বের তরফে। এবার প্রথম মন্ত্রীসভার বৈঠকে বিএসএফ’কে জমি দেওয়ার বিষয়ে শুভেন্দু সরকার সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়া নিশ্চিত করেন। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিব’কে দায়িত্ব দেওয়া হল।
রাজ্যে ক্ষমতায় এলে কর্মসংস্থানের বিষয় ইতিবাচক পদক্ষেপের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব। মন্ত্রী সভার প্রথম বৈঠকে তার প্রতিফলন দেখা গেছে বলে অনেকেই মনে করছেন। চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ২০১৫ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক- যুবতীর আবেদনের জন্য বয়সসীমা পেরিয়ে গিয়েছে, সে কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। পূর্বতন সরকারের আমলে বহুবারই অভিযোগ উঠেছে, কেন্দ্রের সঙ্গে সেইসব প্রকল্পের নাম বদল ঘিরে টানাপোড়ন চলেছে। বিজেপি সরকার রাজ্যে গঠিত হতেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মোদীজি বলেছিলেন প্রথম ক্যাবিনেটে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হবো। সেই মতো আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা এতদিন পশ্চিমবঙ্গে সঠিকভাবে কার্যকর হয়নি বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই বি এন এস ও সোমবার থেকে কার্যকর হচ্ছে রাজ্যে।
একই সঙ্গে যাদের আত্মবলিদানের মাধ্যমে বিজেপি সরকার গঠিত হয়েছে বিজেপির সেই ৩২১ জন কর্মীর আত্ম বলিদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পরিবারের প্রতি সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁরা যেমন হত্যার বিচার আশা করে, তা আমরা দেব। তাদের সামাজিক ও অন্য কল্যাণকর দায়-দায়িত্ব আমরা এই সরকার নিজেদের কাঁধে তুলে নিলাম।

