আমাদের ভারত, ১১ মে: ভোটের আগে একাধিক আর্থিক প্রতিশ্রুতির কথা দিয়েছিল বিজেপি। তার মধ্যে অন্যতম ছিল মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা। এছাড়াও ছিল বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ সুবিধা। তৃণমূল সরকারের আমলে থাকা একাধিক সামাজিক প্রকল্প বিজেপি সরকারের জমানাতেও থাকবে, শপথ নিয়ে আজ বিজেপি সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর সেই সিদ্ধান্তই আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন তা পালন করবে এই সরকার। আগে থেকে চালু কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রীসভার বৈঠকের পরেই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে কোনো বিদেশি যাতে প্রকল্পের সুবিধার না পায় তারও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দশ বছর- ত্রিশ বছর আগেকার সব প্রকল্প চালু থাকবে। পোর্টাল আপডেট হবে। যা কাজ বাকি আছে সেগুলো সব হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও’তেও যুক্ত হলো পশ্চিমবঙ্গ। অর্থাৎ কেন্দ্রের যে প্রকল্পগুলির সঙ্গে রাজ্য যুক্ত ছিল না তার সবকটির সঙ্গে এবার পশ্চিমবঙ্গ যুক্ত হবে, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে।
শুভেন্দু অধিকারী জানান, পেপারলেস অফিস করা হবে। সমস্ত সুবিধাভোগীরা ডিবিটির মাধ্যমে যুক্ত হয়ে কাজ করবে। তবে কোনো মৃত ব্যক্তি বা বাইরের ব্যক্তি যাতে সুবিধা না পায় সেই দিকটিও দেখা হবে।
তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। যাতে মহিলাদের দেড় হাজার টাকা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত। ভোটের আগে বিজেপির সংকল্প পত্রে এই টাকায় বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী প্রতি মাসে ৩০০০ টাকা পাওয়ার কথা তাদের। একই সঙ্গে স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা ভাতার প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এককালীন ১৫০০০ টাকাও দেবে সরকার বলে জানিয়েছিল। জয়লাভের পর কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও তিন হাজার টাকা যোগ করা হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ কৃষকরা নয় হাজার টাকা পাবে বছরে। সারাদেশে কিষান নিধি যোজনা অনুযায়ী ৬০০০ টাকা দেয় সরকার।

