সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ মে: মন্ত্রীপদে নাম ঘোষণার পরদিনই এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার খোঁজ নিতে ইছামতী নদী পরিদর্শনে গেলেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। রবিবার সকালে তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইছামতী নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নদী ভাঙ্গন, জলদূষণ ও সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এদিন বিধায়ক অশোকবাবু জানান, ইছামতী শুধু একটি নদী নয়, বনগাঁবাসীর আবেগ ও জীবীকার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ইছামতী নদী। দীর্ঘদিন ধরে নদীর নাব্যতা কমে যাওয়া, কচুরিপানা, পাড় ভাঙ্গন এবং দূষণের কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন। তিনি আশ্বাস দেন, খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে নদী সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। অনেক কাজ বাকি আছে, কারণ গত ১৫ বছর ধরে তৃণমূল সরকার চুরি করে কাটমানি খেয়েছে সমস্ত দফতর থেকে।
মন্ত্রীপদে নাম ঘোষণার পরদিনই এলাকায় নেমে মানুষের সমস্যা সরেজমিনে খতিয়ে দেখায় খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, নতুন দায়িত্ব পাওয়ার পরও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন অশোক কীর্তনীয়া। বিজেপি কর্মীদের দাবি, উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই আগামী দিনে কাজ করবে নতুন নেতৃত্ব।

