Police, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চালু হচ্ছে ‘PACE’ অ্যাপ, কর্মসংস্থান হবে দেড় হাজার যুবক- যুবতীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ‘PACE’ পেস নামে একটি অ্যাপ খুব শীঘ্রই চালু করবে বলে জানা গিয়েছে। আজ জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিকদের জানান যে, মাননীয় মুখ্যমন্ত্রীর পথনির্দেশে ‘পুলিশ অ্যাসিস্টেন্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইনহেন্সমেন্ট'(পেস) নামের এই অ্যাপটি চালু হতে চলেছে। এই অ্যাপের মধ্যে দিয়ে স্থানীয় যুবক- যুবতীদের সঙ্গে শিল্পের যোগাযোগ ঘটবে।

তিনি বলেন, জেলায় অনেক কারখানা আছে সেখানে ৮০ থেকে ৯০ শতাংশ স্থানীয় ছেলে- মেয়েদের, বিশেষ করে ৩০ শতাংশ মহিলাদের যাতে চাকরি হয় সেই ব্যাপারে বিভিন্ন কোম্পানির সঙ্গে আমাদের ইতিমধ্যেই কথা হয়েছে। এই কোম্পানিগুলি আমাদের কথা দিয়েছে, এক বছরের মধ্যে এক থেকে দেড় হাজার শূন্যপদ তৈরি করবে। সেই শূন্য পদ গুলিতে জেলা পুলিশের সহায়তায় এই অ্যাপের মাধ্যমে নিয়োগ হবে। আবেদনকারীরা এই অ্যাপের মাধ্যমে শূন্যপদ, যোগ্যতা, বেতন প্রভৃতি বিষয় জানতে পারবেন। জেলার আইটিআই পাস যুবক- যুবতীরা এই অ্যাপের মাধ্যমে চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন। ২১ জুলাই – ৩১জুলাই- এর মধ্যে চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

পুলিশ সুপার বলেন, স্বাধীনতা দিবসের আগে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সামনে জেলার যুবক- যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ছোট, বড় মিলিয়ে ২৮টি কোম্পানিতে প্রায় এক হাজার জনের নিয়োগ হবে বলে জানান পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *