করোনা আতঙ্ক পেরিয়ে ছট পুজো উপলক্ষ্যে কলকাতার প্রত্যেক ঘাটে লাগামছাড়া ভিড়

রাজেন রায়, কলকাতা, ১০ নভেম্বর: কালীপুজোর পর এবার ছট উৎসবে মাতোয়ারা কলকাতা। অনেক বাঙালিরাও এই উৎসবে সমান রূপে মেতে ওঠেন, সমান আনন্দের ভাগীদার হন। বুধবার বিকেলে ছট পুজোর দিন ঘাটে ঘাটে দেখা গেল প্রচুর মানুষের ভিড়।

কার্তিক মাসের শুক্লা তিথিতে সূর্যদেবের উদ্দেশ্যে ছট মাইয়ার আরাধনা করা হয়। প্রতিবছর গঙ্গার ঘাটে ঘাটে বহু মানুষ ভিড় করেন ছট পুজোর উদ্দেশ্যে। দূষণের জেরে ২০২১ এ ছট পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবর বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সেখানে বসানো হয়েছে কড়া পুলিশ পাহারা। তার পরিবর্তে খুলে দেওয়া হয়েছে গঙ্গার ৩৭ টি ঘাট। এছাড়াও যোধপুর পার্ক, পোদ্দারনগর, আনন্দপুর, পাটুলি সহ আরও ১৭০ টি ঘাট খুলে দেওয়া হয়েছে ছট পুজোর জন্য।

সাধারণ মানুষের মধ্যে বারংবার করোনা বিধি নিয়ে সর্তকতা জারি হলেও, এই দিন অনেকের মুখেই মাস্ক ছিল না। ঘাট চত্বরে ভিড় জমলেও অনেকেই দূরত্ব বিধি মানেননি। প্রত্যেক ঘাটে নিরাপত্তার খাতিরে জলের কিছুটা অংশ বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভালয় ভালয় ছটপুজো পার করতে তৎপর রাজ্য প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *