মামলার পাহাড়ে আপাতত বন্ধ উচ্চ প্রাথমিকে নিয়োগ, তিন মাস পর শুনানি

রাজেন রায়, কলকাতা, ১০ নভেম্বর: নিষ্পত্তি হয়েও বার বার মামলা জটে আটকে যাচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। আরও একবার মামলার পাহাড় জমে তিন মাসেরও বেশি মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় অথৈ জলে শিক্ষক চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। ২০১৬ সালের উচ্চ-প্রাথমিকের নিয়োগে ১৬ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও একগুচ্ছ অভিযোগ জমা পড়ে আদালতে। মামলার শুনানি হবে ১৫ সপ্তাহ পরে, এমনটাই নির্দেশ আদালতের।

সঠিক ভাবে নিয়োগ না হওয়ার কথা জানানো হয়, যার ভিত্তিতে আদালত হস্তক্ষেপ করে গত জুলাই মাসে একটি নির্দেশ দেয় আদালত। বলা হয়, সচিব পদমর্যাদার আধিকারিকদের দিয়ে ৩ মাসের মধ্যে এই সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করতে হবে। সেই প্রক্রিয়াতেও জটিলতা সৃষ্টি হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন স্কুল সার্ভিস কমিশন। বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কমিশন জানায়, এত বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে তা এত দ্রুত খতিয়ে দেখে সমাধান করা সম্ভব না। তাই আরও তিনমাস সময় দেওয়া হোক। এসএসসি’র আর্জিতে মান্যতা দিয়েছে আদালত।

কমিশনের বক্তব্য শুনে বেঞ্চ নির্দেশ দিয়েছে, সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনকে। তবে এই সময়ের মধ্যে তারা কোনও নিয়োগ করতে পারবে না। বুধবার আদালতে কমিশন জানায়, মোট ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে তিন মাসে সাড়ে ছয় হাজার অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে। বাকি অভিযোগ খতিয়ে দেখতে এখনও তিন মাস অতিরিক্ত সময় লাগবে। আর সেই আর্জিকেই মান্যতা দিয়ে অতিরিক্ত তিন মাস সময় দিয়েছে আদালত। কিন্তু এভাবে মামলা দীর্ঘসূত্রিতা চলতে থাকলে আদৌ কোনও দিন শিক্ষক নিয়োগ সম্ভব হবে কি না প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *