পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আক্রান্ত ৬৮ জন, উদ্বেগে জেলাবাসী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা অতিমারীর সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব উদ্বেগ বাড়াচ্ছে জেলাবাসীর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে ৬৮জন ডেঙ্গু আক্রান্ত। আক্রান্তরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাচ্ছেন, অনেকে অবশ্য সুস্থও হয়েছেন। 

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, জেলার খড়্গপুর পৌর এলাকা ও ডেবরা ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। খড়্গপুরে ১৭ জন এবং ডেবরাতে ৯ জন। সম্প্রতি নারায়ণগড় ব্লকের একটি গ্রামেই ১১জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, অবশ্য তাঁরা সবাই এখন সুস্থ  হয়েছে। মেদিনীপুর পৌর এলাকাতেও এই রোগের প্রকোপ দেখা গিয়েছিল, তবে পুরসভার পদক্ষেপ গ্রহণে তা আর ছড়াতে পারেনি। জেলার অনেকগুলি ব্লকেই ডেঙ্গু ছড়িয়েছে চলতি মরসুমে।

তবে স্বস্তির খবর কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য দফতর পরিস্থিতির উপর নজর রেখেছে।
মেদিনীপুর পৌরসভা এলাকাতে প্রত্যেকটি ওয়ার্ডের নালাগুলিতে স্প্রে করা হচ্ছে। ডেঙ্গু টেস্ট করা হচ্ছে। ডেঙ্গি যাতে ছড়াতে না পারে তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *