খেজুরি ও তমলুকে আক্রান্ত বিজেপির কয়েকজন নেতা কর্মী, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ নভেম্বর: আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল খেজুরি। তৃণমূল কর্মীদের হাতে বিজেপি নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল খেজুরি বিধানসভার গোড়াহার বাজারে।

হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় আজ দুপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খেজুরি থানার পুলিশ। খবর পেয়ে ছুটে যায় খেজুরি ২ উত্তর মন্ডলের সভাপতি নিখিল আড়ি, সহ-সভাপতি তিমির পন্ডা, সাধারণ সম্পাদক খোকন ঘোড়াই ও মন্ডলের যুব সভাপতি রণজিৎ মন্ডল সহ আরও কয়েকজন বিজেপি নেতা। বিজেপির অভিযোগ, সেখানে পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা অতর্কিতে আক্রমণ করে বিজেপি নেতাদের ওপর। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের একটি মিছিল ছিল। ওই মিছিল থেকে তারা আক্রমণ চালায়, এর ফলে বিজেপি নেতা সহ বেশ কয়েক জন আহত হয়। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে।

অন্যদিকে তমলুক শহরের ১৯ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ বিজেপির। ১৯ নম্বর ওয়ার্ডের আহত বিজেপি কর্মীকেও তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুই আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে আজ বিকেলে জেলা হাসপাতালে যান বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক সহ কয়েকজন নেতা ও কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *