“বিরোধী দলের সমর্থক, কর্মীরা ভোট দিতে না আসলে আমরা তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসবো”, বললেন মদন মিত্র

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ ডিসেম্বর: “বিরোধী দলের সমর্থক, কর্মীরা ভোট দিতে না আসলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে ভোট দেবার ব্যবস্থা করবো, কামারহাটিতে পৌর ভোট শান্তিপূর্ণ হবে”, কমারহাটি তে আগামী পৌর ভোট প্রসঙ্গে বিরোধীদের এই ভাষাতেই আশ্বস্থ করলেন বিধায়ক মদন মিত্র।

আগামী ২২ জানুয়ারি চন্দননগর, আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি- এই চারটি কর্পোরেশনের ভোটের দিন স্থির হলেও বাকি প্রায় শতাধিক পৌরসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি। কিন্তু তার আগেই দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। বুধবার দুপুরে কামারহাটি পৌরসভার সামনে একটি প্রতীকি দেওয়াল করে সেখানে লেখা হয় “আগামী নির্বাচনে আমরা করবো জয়”। সঙ্গে ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা।

পরে মদন মিত্র জানান, “আজ থেকে আমাদের যাত্রা শুরু। আমরা কামারহাটির মানুষ বেশি দেরি করতে পারি না। আমরা চাই বাংলার মঙ্গল শঙ্খ এই কামারহাটি থেকেই বেজে উঠুক। আমাদের হবে জয়, মমতার হবে জয় নিশ্চয়। এই কামারহাটিকে আমরা এমন ভাবে তৈরি করব যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বলবে যে কামারহাটি থেকে ভালো পৌরসভা আর হয় না।”

তিনি এদিন আগামী পৌর ভোট প্রসঙ্গে বিরোধীদের অবস্থান নিয়ে কটাক্ষ করে বলেন, “এবারের পৌর সভার নির্বাচনে সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ সব জায়গায় প্রার্থী দিতে পারবে না, বিরোধী দলের সমর্থক, কর্মীরা ভোট দিতে না আসলে আমরা তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসবো যাতে তারা তাদের ভোট দিতে পারেন। এবার আরও বেশি শান্তিপূর্ণ নির্বাচন হবে। আর আমাদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই কেউ ভুল করলে তার ব্যবস্থা নেওয়া হবে পার্টি করে বলে ছাড় পাবে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *