সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ ডিসেম্বর: রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে শিয়ালদা-বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনে। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোবরডাঙা স্টেশনের ১ নম্বর ট্রেন লাইনে একটি কোভিড কেয়ার আইসোলেশন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সেই কারণে, লাইন টপকে ট্রেন ধরতে গিয়ে এইভাবে বেঘোরে প্রাণ গেল সুমন বনিক নামে ওই ব্যক্তির।
জানা গেছে, গোবরডাঙার দাসপাড়া এলাকার বাসিন্দা মৃত ওই যুবক এদিন চিকিৎসার জন্য বনগাঁয় যাবার উদ্দেশ্যে ট্রেন ধরতে যাচ্ছিলেন। ১ নম্বর প্ল্যাটফর্মে আইসোলেশন ট্রেন দাঁড়িয়ে থাকায় টিকিট কেটে ওভারব্রিজের বদলে তিনি ট্রেনের ফাঁকা দিয়ে ১ এবং ২ নম্বর রেল লাইন টপকে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন।

২ নম্বর রেল লাইন পার হবার সময় সেই লাইনে যে লেডিস স্পেশাল ট্রেন ঢুকে গেছে, তা তিনি টেরই পাননি। স্বাভাবিকভাবেই ওই চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে আইসোলেশন ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটলো।

