আমাদের ভারত, হাওড়া, ১৪ ফেব্রুয়ারি: ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল আমতার পাত্রপোল এলাকা। মৃত ব্যক্তির নাম দেবু বর (৩২)। বাড়ি আমতা থানার জঞ্জালিচক গ্রামে। সোমবার বিকেলের এই ঘটনায় উত্তেজিত জনতা তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। এমনকি দমকলের একটি ইঞ্জিন ও একাধিক গাড়িতে ভাঙ্গচুর চালায় উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে জনতা। পরে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪ টে নাগাদ ওই ব্যক্তি উলুবেড়িয়া আমতা রোড ধরে হাঁটছিলাম। সেইসময় পাত্রপোলের কাছে আমতা অভিমুখে যাওয়া একটি ছাই বোঝাই ডাম্পার তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় জনতা। এমনকি আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাতেও ভাঙ্গচুর চালায়। এদিকে এলাকায় উত্তেজনার খবর পেয়ে আমতা ও রাজাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পুলিশ পৌঁছানোর পর উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। প্রথমে পুলিশ পিছু হঠলেও পরে আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় কমব্যাট ফোর্স। প্রায় ঘন্টাখানেক এই ঘটনা চলার পর পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পুলিশ বেশ কয়েক জন গ্রামবাসীকে আটক করেছে।

ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান, জনতার ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ ও দমকল কর্মী আহত হয়েছেন। ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে।

