আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হল পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা। ১৭ তম বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাঁশকুড়ার নারায়ণ দিঘি ফুটবল ময়দানে বইমেলা শুরু হল আজ। এবারের এই বই মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা কমিটির পরিচালনায় বই মেলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত। সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পাঁশকুড়া পৌরসভা। পঞ্চাশটির মতো বিভিন্ন ধরনের বইয়ের স্টল নিয়ে এই মেলা শুরু হয়েছে।
গত জানুয়ারি মাসের শেষের দিকে এই বইমেলা হওয়ার কথা ছিল কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে তারিখ পিছিয়ে আজ শুরু হল বইমেলা। পাঁশকুড়ার নারায়ণ দিঘি ফুটবল ময়দানে বইমেলার অনুষ্ঠানটি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা কমিটির সম্পাদক তথা জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যুৎ দাস। বই মেলা প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে।

এদিন বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস সহ বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিগণ।

