স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ: বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়া নাকাশিপাড়া কুবের নগর হাই স্কুলের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ শেখ (৩৭) নামে এক ব্যক্তি বাসের ছাদে করে অগ্রদ্বীপের মেলা যাচ্ছিলেন। নাকাশিপাড়ার বীরপুর ১ পঞ্চায়েতের বরগাছিতে তার বাড়ি। বাসের ছাদে করে যাওয়ার সময় কুবের নগর হাই স্কুলের কাছে গাছের ডালে লেগে বাস থেকে তিনি পড়ে যান রাস্তার উপরে। ঘটনাস্থল থেকে তাকে এলাকাবাসীরা উদ্ধার করেন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকার সমাজসেবী তন্ময় গাঙ্গুলি বলেন, বাসের ছাদে প্রখর রোদের তাপে যাত্রী বোঝাই করে অর্থের লোভে মানুষের জীবন বিপদে ঠেলে প্রশাসনের সামনে দিয়ে বাস চলাচল করছে। প্রশাসনকে কঠোর হতে অনুরোধ করেছেন তিনি।

