গাইঘাটা থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ এপ্রিল: জাল টাকা ও গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃত জাল টাকার কারবারি করে বলে পুলিশ জানিয়েছে। ধৃত দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর মণ্ডল। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় বাসিন্দা। ধৃতের কাছ থেকে মোট ১ লক্ষ ভারতীয় জাল টাকা ও একটি গুলি ভর্তি বন্দুক উদ্ধার হয়েছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, গাইঘাটার দোগাছিয়া এলাকায় প্রচুর জাল টাকা নিয়ে বাজারে চালানোর পরিকল্পনা করেছে জাহাঙ্গীর মণ্ডল নামে এক দুষ্কৃতী। সেই খবরের ভিত্তিতে এদিন রাতে দোগাছিয়া এলাকায় তার বাড়িতে হানা দিয়ে জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল টাকাগুলির মধ্যে ২০০ টি ভারতীয় ৫০০ টাকার জাল নোট রয়েছে। ধৃত দুষ্কৃতী কতদিন ধরে এই কারবার চালাচ্ছে, কোথা থেকে সে এই জাল টাকাগুলি জোগাড় করেছে এবং কোথায় তা পাঠানোর উদ্দেশ্য ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *