আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর: জলপাইগুড়ি শহর থেকে নাইনএমএম পিস্তল ও কার্তুজ উদ্ধার। গ্রেফতার এক ব্যক্তি। বন্দুক বিক্রি করতে গিয়ে ধৃত যুবক।
কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, আজ গোপন সুত্রে খবর আসে এক ব্যক্তি বন্দুক বিক্রির জন্য ঘোরাঘুরি করছে। সেই মোতাবেক শহরের রাজবাড়ি পাড়া এলাকায় সাদা পোশাকের পুলিশ যায় অভিযান চালাতে। পুলিশ টিম ছেলেটিকে আটক করে।তাকে তল্লাশি করে কোমর থেকে নাইনএমএম পিস্তল পাওয়া যায়। তাকে ধরে থানায় নিয়ে আসা হয়।ধৃতের নাম রাজীব হাজরা ওরফে ফতে। তার বাড়ি রাজবাড়ি পাড়ায়। ডাকাতি কেসে আগেও ধরা পরেছিল। রাজীব পিস্তলটিকে বিক্রির জন্য নিয়ে ঘুরছিল।
জলপাইগুড়ি শহরে পিস্তল কেনাবেচা চলছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আগামিকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশ রিমান্ডে নেওয়া হবে।

