আমাদের ভারত, হাওড়া, ২৩ নভেম্বর: রাতের অন্ধকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের কাট আউট নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ৩০ নং ওয়ার্ডের যদুরবেড়িয়া রথতলায়। ঘটনায় বিজেপির হাত আছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে খবর, যদুরবেড়িয়া রথতলায় রাস্তার পাশে মন্ত্রী পুলক রায়ের একটি কাট আউট লাগানো হয়েছিল। স্থানীর তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সোমবার রাত ৩ টে নাগাদ দুষ্কৃতীরা কাট আউটটি নষ্ট করে দেয়। এদিকে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ প্রশাসন সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মন্ত্রীর কাট আউট নষ্ট করেছে বলে অভিযোগ করেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস। তিনি জানান, পুরসভা নির্বাচনের আগে এলাকায় অশান্তি পাকানোর লক্ষ্যে এই কাজ করা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল। তাঁর দাবি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

