কামারহাটিতে ভরসন্ধেয় চললো গুলি, আহত ১ স্বর্ণ ব্যবসায়ী

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ জানুয়ারি: কামারহাটির সাফুর রোডের সোনার দোকানে চার রাউন্ড গুলি চলার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী।

রোজকার মত নিজের সোনার দোকানে বসে দোকানদারি করছিলেন রাহুল গুপ্তা। অভিযোগ, সেই সময় দোকানে ক্রেতা সেজে আসে কিছু দুষ্কৃতী। তারা দোকানে কিছু জিনিস কেনার নাম করে এসে সোনার জিনিস দেখতে চায়। সেগুলো দেখার পর দোকানের মালিক ৩২ বছরের রাহুল গুপ্তা তার মূল্য চাইলে তার দিকে অস্ত্র তাক করে চার রাউন্ড গুলি করে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রাহুল গুপ্তা। গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাগর দত্ত হাসপাতাল থেকে কলকাতার জেনিথ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ ওই সোনার দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, “দুষ্কৃতীরা কিছু সোনার জিনিস নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল আর তখন দোকানের মালিক টাকা চাইলে এরা গুলি করে দেয়। তবে গুলি দোকান মালিকের হাতে ও পিঠে লেগেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *