রাজেন রায়, কলকাতা, ৮ জানুয়ারি: করোনা পরিস্থিতিতে এখনই নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন। তবে জনসমাগম এড়াতে আসন্ন পুরভোটে অনলাইন প্রচারে জোর দিতে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজনৈতিক দলগুলির কাছে কমিশন আবেদন করে, ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত সম্পূর্ণভাবে এড়িয়ে চলা হোক। সভা, মিটিং মিছিল, রোড-শো বন্ধ করে সামাজিক বা ডিজিটাল মাধ্যমে প্রচার করুক দলগুলি।
কমিশনের আরও নির্দেশ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জারি করা কোভিড বিধি মানতেই হবে। অন্যথায় বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনকী আগে যদি মিটিং মিছিল সংক্রান্ত কোনও অনুমতি রাজনৈতিক দলগুলির নেওয়াও থাকে, তা হলেও জেলা প্রশাসনকে তা বাতিল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কোভিড বিধি নিয়ে গত ৩ জানুয়ারি প্রচারের ক্ষেত্রে কমিশন যে নির্দেশ জারি করেছিল তা পরিবর্তন করেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে শনিবার। কোভিড বিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে ডিজিটাল প্রচার না করলে যে ব্যবস্থা নেওয়া হবে তা কোথাও বলা নেই। এর আগে কমিশনের তরফে ভোট প্রচারের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেখানে বলা হয় কোনও রোড শো কিংবা পদযাত্রা নয়। গাড়ি, বাইক র্যালি সমস্ত কিছুই করোনার কথা ভেবে বাদ দিতে বলেছিল রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে আগে অনুমতি নেওয়া থাকলেও রোড শো বাতিল করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে প্রত্যেক পুরনিগম এলাকায় নোডাল হেলথ অফিসার নিয়োগ করার। টিকাকরণের ক্ষেত্রেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

