West Bengal Day, Carnival, পশ্চিমবঙ্গ দিবসে গঙ্গা বক্ষে ৫০০ ভাসমান নৌকায় হবে যোগাভ্যাসের মেগা কার্নিভাল, নাম তোলার সুযোগ গিনেস বুকে

আমাদের ভারত, ১৪ জুন: গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলে পশ্চিমবঙ্গে হতে চলেছে নদীর মাঝে ভাসমান যোগা কার্নিভাল। পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবস, পর পর দুটি দিনকে ঘিরে এখন সাজো সাজো রব। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঋষিকেশ, হরিদ্দার ও বেনারসকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে কলকাতার গঙ্গা। ২১ জুন কলকাতায় রেড রোডে উদযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসে হবে গঙ্গা বক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। তার আগে ২০ জুন সকালে পশ্চিমবঙ্গ দিবসে হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকায় হবে যোগাভ্যাস। সে ক্ষেত্রে তা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেবে এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে খবর।

মিলিনিয়াম পার্ক, বেলুর, দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই যোগা কার্নিভাল। সেখানে বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা। হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতুর মাঝের ৪২টি বাড়িকে আলোর মালায় সাজিয়ে তোলা হবে। ঝলমল করে উঠবে গঙ্গা পার।

সোমবার পর্যটন দপ্তর হাওড়া ফেরিঘাটে বিশেষ যোগ অনুশীলন অনুষ্ঠিত করবে। অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল- এর সামনে। গঙ্গাবক্ষে যোগাভ্যাসের নানা ছোট বড় শিবির অতীতে অনুষ্ঠিত হলেও এত বড় আকারে এমন আয়োজন সম্পূর্ণ প্রথমবার।

আধ্যাত্মিকতা, ধ্যান যোগ ও প্রাণায়ামে পশ্চিমবঙ্গ বরাবর বিশ্বকে পথ দেখিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের এই পূণ্যভূমিতে যোগরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী যোগানন্দের মতো ক্রিয়াযোগীরা জন্ম নিয়েছেন। পরবর্তীতে নীলমণি দাস, মনোহর রায় মনোহর আইচের মত ব্যক্তিত্বের হঠযোগ, প্রাণায়াম এবং মুক্ত হস্ত ব্যায়ামের মেলবন্ধন ঘটিয়ে বাঙালি তথা ভারতীয়দের বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। এত সমৃদ্ধ এই ইতিহাস বুকে নিয়েও বাংলা যোগজগতে ক্রমশ পিছিয়ে পড়েছিল। কিন্তু এবার সেই হারানো গৌরব পুনরুদ্ধার করা শুরু হয়েছে। তৈরি হবে নতুন ইতিহাস। নদীমাতৃক বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার উৎকৃষ্ট ভূমি হয়ে উঠবে এই মেগা কার্নিভাল।

জানাগেছে, শুক্রবার এই অনুষ্ঠানের এক প্রস্থ রেইকি করা হয়েছে। নৌসেনা কলকাতা বন্দরকে ইতিমধ্যে নৌকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অতীতে বেনারস কিংবা ঋষিকেশের পবিত্র ঘাটে যোগাভ্যাসের বড় নজির থাকলেও চলমান নদীর বুকে ৫০০ বেশি নৌকায় একসঙ্গে এত মানুষ যোগাভ্যাস করছেন এমন নজির ভারতীয় জলপথে হয়নি। উপস্থিত থাকবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড- এর প্রতিনিধিরা।

তারিখ বদলের পর পশ্চিমবঙ্গ দিবস প্রথমবার সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে বলে আশা রাজ্যের। নতুন করে তৈরি হবে বিশ্ব রেকর্ড। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ও রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে এই যোগ কার্নিভাল হয়ে উঠবে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও উৎকর্ষতার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *