সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুন: বনগাঁ থেকে কলকাতা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে যশোর রোডকে চার লেনে সম্প্রসারণের আশ্বাস দিলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। শনিবার বনগাঁ সাব-ডিভিশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বনগাঁ থেকে বারাসত পর্যন্ত সমস্ত জনপ্রতিনিধি এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবদাস মণ্ডল বলেন, অতীতে যশোর রোড সম্প্রসারণ বা বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে সেই দাবি নতুন করে গুরুত্ব পেয়েছে। তিনি আশ্বাস দেন, এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আগের শাসনামলে উন্নয়নের নামে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে। তাঁর দাবি, প্রকৃত উন্নয়ন তখন হয়নি, বরং কিছু ব্যক্তি বিশেষই তার সুবিধা পেয়েছেন। বর্তমান সময়ে সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
এদিন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে দেবদাস মণ্ডলকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, অতীতে ব্যবসায়ী মহল নানা সমস্যার মুখোমুখি হলেও অনেক ক্ষেত্রেই তারা প্রকাশ্যে কথা বলতে পারতেন না। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং ব্যবসায়ীরা নিজেদের দাবি-দাওয়া ও সমস্যার কথা আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারছেন। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এলাকার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত একাধিক সমস্যার বিষয় বিধায়কের সামনে তুলে ধরা হয়।
সংগঠনের সম্পাদক বিনয় সিংহ জানান, ইতিমধ্যেই কিছু সমস্যার সমাধানের উদ্যোগ শুরু হয়েছে। বাকি বিষয়গুলিও দ্রুত নিষ্পত্তি হবে বলে তাঁরা আশাবাদী।
দেবদাস মণ্ডল বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার সমাধানে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। কেউ অন্যায়ের শিকার হলে আইনানুগ পথে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে বনগাঁ মহকুমার পরিকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন। যশোর রোড চার লেন করার সম্ভাবনা ও উন্নয়নের আশ্বাস ঘিরে ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছে স্থানীয় মহল।

