Firearms, Habra, মাছের জালে উঠল ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র! হাবড়ায় সাতসকালে তীব্র চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুন: রবিবার সকালে মাছ ধরতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে আসে একটি ব্যাগ, যার ভিতর থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কয়েকজন মৎস্যজীবী নিয়মমাফিক পুকুরে মাছ ধরতে যান। জাল টানার সময় একটি ভারি ব্যাগ জালে আটকে উঠে আসে। প্রথমে তারা বিষয়টিকে গুরুত্ব না দিলেও ব্যাগটি খুলতেই চোখ কপালে ওঠে। ব্যাগের ভিতরে একাধিক আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে তারা দ্রুত স্থানীয় বাসিন্দাদের খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে পুকুর পাড়ে ভিড় জমে যায়। পরে বিষয়টি জানানো হয় হাবড়া থানার পুলিশকে।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রগুলির সংখ্যা ও প্রকৃতি সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর, কে বা কারা এবং কী উদ্দেশ্যে জনবহুল এলাকার একটি পুকুরে এই অস্ত্রভর্তি ব্যাগ ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। পাশাপাশি আশপাশের এলাকায় আরও কোনও অস্ত্র বা সন্দেহজনক বস্তু লুকিয়ে রাখা রয়েছে কি না, তাও খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই অস্ত্র মজুতের সঙ্গে জড়িত থাকতে পারে।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।পুলিশের তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। এই অস্ত্রভাণ্ডারের উৎস এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় সামনে এলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *