Bogtui, চকারি গেল বগটুইয়ের স্বজনহারা মোফেজা বিবির

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৪ জুন: চাকরি গেল বগটুই কাণ্ডে স্বজন হারানো মোফেজা বিবির। দিন কয়েক আগেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ১০ জন অ্যাটেন্ডেন্টের চাকরি বাতিল করেছে নবনির্বাচিত সরকার। তার মধ্যে রয়েছেন বীরভূমের বগটুই গ্রামের মোফেজা বিবি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ জাতীয় সড়কের ধারে রামপুরহাটের বগটুই মোড়ে তৃণমূল নেতা ভাদু শেখকে খুনের বদলা নিতে ১০ জনকে পুড়িয়ে মারা হয়। ওই ঘটনায় প্রাণ হারান মিনা বিবি নামে এক মহিলা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বজনহারা পরিবারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো মায়ের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে মোফেজা বিবিকে অ্যাটেন্ডেন্টের চাকরি দেয় সরকার। রামপুরহাট ভূমি ও ভূমি সংস্কার দফতরে অস্থায়ী হিসাবে কাজে যোগদান করেন তিনি। চলতি বছরের মে মাসের বেতন না পেয়ে মাথায় হাত পড়ে মোফেজার। তিনি জেলার সর্বত্র ঘুরে পৌঁছে যান নবান্নের ভূমি রাজস্ব দফতরে। সেখানে তাঁকে জানিয়ে দেওয়া হয় আর চাকরি নেই। ধরিয়ে দেওয়া হয় চাকরি বাতিলের চিঠি।

মোফেজা বলেন, “ওই বেতনে কোনো রকমে সংসার চলত। হঠাৎ করে বেতন বন্ধ হওয়ায় আমরা বিপাকে পড়েছি। সরকারের কাছে আবেদন আমার চাকরি ফিরিয়ে দেওয়া হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *