আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ ডিসেম্বর: ইংরেজি নতুন বছরের আগমনী বার্তায় চারিদিক যখন মুখরিত সেই সময় গোটা পরিবার গিয়েছিলেন বেনারস বেড়াতে। সেখান থেকে বাড়ি এসে বছরের শেষ দিনে লক্ষ্য করেন দুষ্কৃতীরা বাড়ির পিছনের সুপারি গাছ দিয়ে তিন তলার ছাদে উঠে চিলেকোটায় গ্রিল ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকে। লোহার শাবল, প্লাস ব্যবহার করে তিনটে ঘরের দরজা ভেঙ্গে তছনছ করে বাড়ির সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা কার্তিকপুর টাকি রোডের ধারে নিমাই ঘোষের বাড়িতে।
নিমাই ঘোষের স্ত্রী গৌরী ঘোষ জানান, গত ২৪ তারিখে তারা সপরিবারে বেনারস বেড়াতে গেছিলেন। এরপর আজ সকাল ন’টা নাগাদ বাড়িতে এসে মেইন গেটের তালা খুলে ভেতরে ঢুকে দেখেন সমস্ত ঘর লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। ঠাকুরঘরের কাঁসার জিনিসপত্র ঠাকুরের গায়ে থাকা অলংকার, পাশাপাশি আরও তিনটি ঘরের দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ও শোকেস ভেঙ্গে তার থেকে নগদ লক্ষাধিক টাকা সোনার গয়না, রূপোসহ একাধিক জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যে হতাশ হয়ে পড়েন গৌরী ঘোষ। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

