মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোভিড বিধি না মানার ছবি পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি: টান টান উত্তেজনার মধ্য দিয়েই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কাটল পুরুলিয়া শহরে। কোভিড বিধিকে উপেক্ষা করেই বিভিন্ন রাজনৈতিক দল বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন প্রার্থীরা। যদিও পুলিশ নির্দিষ্ট জায়গায় মিছিল আটকে দেয়। বার বার বিধি মানার কথা বলে অনুরোধ রাখতে দেখা গিয়েছে পুলিশ আধিকারিকদের। মাস্ক অনেকেরই পকেটে ও কানে ঝোলানো অবস্থায় দেখা গিয়েছে।

এই নিয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাহুল মজুমদার বলেন, “কোভিড বিধি মানাটা চোর পুলিশ খেলা বা হেডমাস্টার ছাত্রের মতো নয়, এটা অন্তর থেকে নিয়ে মানতে হবে। সর্বদলীয় বৈঠকে বার বার বলা হয়েছে, যাঁরা জনসাধারণের উন্নয়ন ও কল্যাণ করার কথা বলছেন তাঁদের কাছ থেকে বিধি না মানাটা অপ্রত্যাশিত।” আজকেও জেলা নির্বাচন কার্যালয় থেকে মাইকে বার বার কোভিড বিধি মানার জন্য বলা হয়।

এদিকে বিজেপির প্রার্থী তথা স্থানীয় বিধায়ক সুদীপ মুখার্জি সাধারণ মানুষের উপর কার্যত দোষ চাপিয়ে সাফাই দিয়ে বলেন, দলীয় কর্মী সমর্থকরা স্বেচ্ছায় ঐক্যবদ্ধ ভাবে মিছিল করেন। আমরা তো বাধা দিতে পারি না। পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা ও কটাক্ষ করেন তিনি। একইভাবে কোভিড বিধি না মানার সাফাই দেন বিদায়ী পুর প্রশাসক তথা তৃণমূল প্রার্থী নবেন্দু মাহালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *