মুখ্যমন্ত্রীর নির্দেশে বলরামপুর ভূমি দফতরে দুই দালাল চক্রী গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ৩০ মে: বলরামপুর ভূমি দফতরে স্থানীয় দুই দালাল চক্রীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রামজীবন মহান্তি ও নিশীথ রঞ্জন মাহাতো। ওই অফিসের একাংশের যোগসাজসে দালাল চক্র চালাতো ধৃত দুই জন।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দুই অভিযোগকারীকে মঞ্চে তাঁর পিছনে বসান। তাঁদের অভিযোগ পত্র প্রকাশ্যে পড়েন। সেখানে নাম পত্তন না হওয়ার কারণে সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেন ওই দুই জন। ভূমি সংস্কার দফতরের হয়রানির কথা জানান তাঁরা। তা ছাড়া বলরামপুর ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে কাছাকাছি দুটি দোকান দেখিয়ে সেখানে মোটা টাকা দিয়ে দ্রুত কাজ হয়ে যাবে বলে জানানো হয়। এই কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। সভা চলাকালীন বলরামপুর ভূমি সংস্কার দফতরের আধিকারিক, থানার ওসিকে দাঁড় করিয়ে এর কারণ জানতে চান। জানতে চান কেন এটা হচ্ছে?

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়ে চড়ে বসে বলরামপুর থানার পুলিশ। তার পরই ওই দোকানগুলোর দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সভা থেকেই এই বিষয়ে আধিকারিকদের কড়া বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, “আদিবাসীদের জমি নেওয়া, সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি বরদাস্ত করব না। এটা হলে আমি কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *